সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ, ফরিদপুর ও নাটোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তিন জেলায় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন। আজ সোমবার দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৪০ দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১ হাজার ২৭০ জন। 

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ময়মনসিংহ: শহরতলির বাইপাস এলাকায় দুপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। পুলিশ জানায়, আজ দুপুরে বাইপাস ময়নার মোড় এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তাঁদের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফরিদপুর: মধুখালী উপজেলায় বেলা একটার দিকে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই চালক ও যাত্রীসহ ১১ জন আহত হন। কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ ডিগ্রি কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাজীব (২৫) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনের তথ্যমতে, রাজশাহী থেকে বরিশালগামী পদ্মা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে মাগুরাগামী রাসেল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুই চালক ও দুই সুপারভাইজারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজামুল ইসলাম জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল পরিবহনের সুপারভাইজার রাজীব মারা যান।

নাটোর: বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক তরিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন। বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী একটি বাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী মাটিকাটা ভেকু মেশিন বহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চালক তরিকুল ইসলাম মারা যান। তিনি ঠাকুরগাঁও জেলা সদরের মৃত মতিউর রহমানের ছেলে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাসের পাঁচ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শামসুন নুর বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। বাসের চালক ও সহকারী এবং ট্রাকের সহকারী পলাতক।