সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর, ফরিদপুর ও বাগেরহাটে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মেহেরপুরে মহসিন আলী (৪২) ও আবু সাঈদ (৩৭), ফরিদপুরে নিজামউদ্দিন (১৪) ও বাগেরহাটে ইউনুস মোল্লা (৪০)। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:কুষ্টিয়া: মুজিবনগর উপজেলার বাগোয়ান কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী আবু সাইদ গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে বাইরে যাওয়ার জন্য অফিসের সামনের সড়কে অপেক্ষা করছিলেন। এ সময় উপজেলার ফজলু মিয়ার ইটভাটার একটি ট্রলি কেদারগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আবু সাইদ উপজেলার ভবরপাড়া গ্রামের বাসিন্দা। অপর দিকে দুপুর ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক মহসিন আলী ঘটনাস্থলেই মারা যান। তিনি মেহেরপুরের বেড়পাড়া গ্রামের বাসিন্দা।ফরিদপুর: গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে নিজামউদ্দিন বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের বদরপুর এলাকায় পেছনের দিক থেকে একটি বাস চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে কানাইপুরের একটি মাদ্রাসার ছাত্র। তার বাড়ি বদরপুর এলাকায়।বাগেরহাট: গত শুক্রবার রাত আটটার দিকে মোল্লাহাট উপজেলার জয়ডিহি এলাকায় মোটরসাইকেল ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের যাত্রী ইউনুস মোল্লা নিহত ও মোটরসাইকেলচালকসহ তিনজন আহত হয়েছেন।