সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৫
নোয়াখালী, খাগড়াছড়ি ও কক্সবাজারের চকরিয়ায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ২২ জন।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খাগড়াছড়ি: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাল্যছড়ি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করেন। দুর্ঘটনায় আহত ১১ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ও ৮ জনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস ও ফেনী থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসা হিল বার্ড সার্ভিসের একটি বাসের মধ্যে এই সংঘর্ষ হয়।
হাসপাতাল সূত্র জানায়, খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর হিল বার্ডের চালক সিরাজুল ইসলাম (২৮) ও তাঁর সহকারী কবির হোসেন (২৬) মারা যান।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কাজী হুমায়ুন রশিদ বলেন, গাড়ির যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুজন চালকই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী: স্থানীয় সূত্র জানায়, নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে গতকাল সকালে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত অটোরিকশার যাত্রী মো. ইউছুফ (৬২) বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্ধি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় মোটরসাইকেল ও অটোরিকশার চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি আটক করেছে।
চকরিয়া: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় গতকাল বেলা ১১টার দিকে জিপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে জিপের চালক জাফর আলম (৪০) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া উপজেলার ফাঁসিয়াখালী সড়কের মাথা এলাকায় বেলা দুইটার দিকে চট্টগ্রামগামী একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রশিদ আহমদ (৪০) নিহত হন।
নিহত জাফর আলমের বাড়ি চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের রোস্তম আলী চৌধুরীপাড়ায়। আর রশিদ আহমদের বাড়ি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী গ্রামে।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান জানান, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।