সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীতে বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:চট্টগ্রাম: বন্দর থানা সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম নগরের বারেক বিল্ডিং মোড়ে একটি হিউম্যান হলার (রাইডার) উল্টে যায়। এ সময় হিউম্যান হলারের নিচে চাপা পড়ে চালকের সহকারী শামসুদ্দীন (২৫) মারা যান।এদিকে পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টায় বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল এলাকায় টেম্পো উল্টে চালক দিদারুল আলম (২৮) নিহত হন। অন্যদিকে পুলিশ জানায়, বুধবার রাতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি বাস জসীমউদ্দিন (৪৫) নামে এক পথচারীকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নোয়াখালী: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে নোয়াখালী জিলা স্কুলের সহকারী শিক্ষক আবদুল কাদের (৪৫) তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন। রাত আটটার দিকে উপজেলার হেমায়েত বাজারে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ও তাঁর দুই ছেলে মো. ফয়সল (৯) ও মো. ফয়জুল (১৪) গুরুতর আহত হয়।সূত্র জানায়, স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে আবদুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান।ফেনী: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ নামক স্থানে সড়ক পার হওয়ার সময় একটি বাস হালিমা খাতুন (৭০) নামে এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।