সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৫
বগুড়ার শেরপুর ও রাজশাহীর পুঠিয়া উপজেলায় গত সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলায় ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: সোনা মসজিদ স্থলবন্দর থেকে গম বোঝাই করে একই মালিকের দুটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সোমবার দিবাগত রাতে পুঠিয়ার ভাংড়া এলাকায় এসে একটি ট্রাকের যান্ত্রিক সমস্যা দেখা দিলে সড়কের বাম পাশে পর পর দুটি ট্রাক দাঁড় করানো হয়। পেছনের ট্রাকের নিচে ঢুকে চালকের সহকারী সামাদ কাজ করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে পিঁয়াজ বোঝাই অপর একটি ট্রাক ওই ট্রাকটিকে আঘাত করলে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সামাদ। গতকাল সকাল নয়টার দিকে পুঠিয়ার বানেশ্বর থেকে শিক্ষার্থীদের নিয়ে কলেজ বাসটি রাজশাহী কলেজে যাচ্ছিল। এই স্থানে পৌঁছে বাসটি একইভাবে দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সাতজন শিক্ষার্থী আহত হয়।শেরপুর (বগুড়া): শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, সোমবার বিকেল চারটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ছোনকা বাজার এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাতনামা এক নারী (৫০) নিহত হন। দুর্ঘটনার এক ঘণ্টা পর একই এলাকায় বগুড়াগামী অপর একটি ট্রাকের চাপায় অজ্ঞাতনামা এক পুরুষ (৪৫) নিহত হন। রাত আড়াইটায় উপজেলার কৃষ্ণপুর এলাকায় চলন্ত বাস থেকে পড়ে নিহত হন অজ্ঞাতনামা (২৫) এক যুবক।লালপুর (নাটোর): সকালে উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের রব্বেল আলীর মেয়ে রিয়া হেঁটে রাস্তার ওপর চলে আসে। এ সময় বালু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।