সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের নগরকান্দা ও মধুখালী উপজেলায় গতকাল মঙ্গলবার শিশুসহ চারজন নিহত হয়েছেন। একই দিন গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাতনামা এক ব্যক্তি ও ভোলার চরফ্যাশন উপজেলায় এক শিশু প্রাণ হারিয়েছে।
নগরকান্দায় নিহত দুজন হলেন নগরকান্দার মধ্য কাইচাইল গ্রামের বাচ্চু মাতুব্বর (৪৫) ও কুষ্টিয়ার অভি (৪০)। অভি হক কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। মধুখালীতে মারা যাওয়া দুজন হলো বোয়ালমারী উপজেলার সোতাশি গ্রামের বিকাশ মালোর ছেলে অয়ন (দেড় বছর) ও আনুমানিক ৪০ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তি। কাশিয়ানীতে নিহত ব্যক্তির নাম হানিফ মিয়া (৬০)। তিনি উপজেলার ছোট বাহিরবাগ গ্রামের বাসিন্দা। চরফ্যাশনে মারা যাওয়া শিশুর নাম জোবায়ের হোসেন (৭)। সে চর নাজিমউদ্দিন গ্রামের ফয়েজুল্লাহর ছেলে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কে মনোহরপুর ব্রিজ-সংলগ্ন স্থানে মুকসুদপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফরিদপুরগামী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রর ১০ যাত্রী আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে দুজন মারা যান।
মধুখালী থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পরীক্ষিতপুর এলাকায় কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসযাত্রী শিশু অয়ন ঘটনাস্থলেই মারা যায়। আরও ২০ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান।
ইউএনও লুৎফুন নাহার বলেন, নিহত অয়নের পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাদী আবদুল্লাহ বলেন, সকাল সাড়ে আটটার দিকে হানিফ মিয়া বাইসাইকেল চালিয়ে ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে উঠছিলেন। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, দক্ষিণ-পশ্চিম চর মাদ্রাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেন দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের চেয়ারম্যানবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়।