সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৬
মাগুরায় গতকাল মঙ্গলবার গ্রামবাংলা পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। গত সোমবার ঝিনাইদহ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত ও ২৪ জন আহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মাগুরা: মঙ্গলবার সকালে শালিখা উপজেলার সীমাখালী থেকে শ্যালোইঞ্জিনচালিত যান গ্রামবাংলা পরিবহনটি যাত্রী নিয়ে মাগুরা শহরে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে জেলা মৎস্য কার্যালয়ের কাছে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সদর উপজেলার জাগলা গ্রামের ইয়াসিন মুন্সী (৫৫), ঝিনাইদহের টিকারি গ্রামের খিলাফত বিশ্বাস (৬০) ও শালিখা উপজেলার রামপুর গ্রামের গোলাম রসুলের (৪৮) মৃত্যু হয়।ঝিনাইদহ: সোমবার ভোরে ঝিনাইদহ থেকে শৈলকূপা যাওয়ার পথে একটি যাত্রীবাহী টেম্পো ঝিনাইদহ ক্যাডেট কলেজের কাছে পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টেম্পোর যাত্রী রহমতুল্লাহ মারা যান। তাঁর বাড়ি শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে। এ ছাড়া আহত হয় আরও ১০ যাত্রী। তাদের মধ্যে আটজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর: সোমবার দুপুর আড়াইটায় ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার ডাঙ্গি ইউনিয়নের কান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে পাশ দিতে গিয়ে ফরিদপুরগামী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দিনমজুর আতিয়ার হোসেন (৩০) মারা যান। হাসপাতালে নেওয়ার পর আশরাফ আলীর (৩৫) মৃত্যু হয়। এ ছাড়া আরও ১৪ জন দিনমজুর আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হতাহত লোকজনের সবার বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়।