সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৬
কুড়িগ্রামের মাটিকাটা মোড়ে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ও নাটোরের সিংড়া উপজেলায় গত মঙ্গলবার এক মুক্তিযোদ্ধাসহ দুজন মারা গেছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গতকাল ট্রাকের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদরের পাঁচগাছি ইউনিয়নের মাঝেরচর এলাকার রিকশাচালক হবি (৪০), তাঁর স্ত্রী মর্জিনা (২৮) ও ছেলে বাবু (৫) বাড়ি ফেরার পথে গতকাল সন্ধ্যায় মাটিকাটা মোড়ে বালুভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মর্জিনা মারা যান। পরে গুরুতর আহত হবি ও বাবুকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।নাটোর: নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মোটরসাইকেলযোগে গত মঙ্গলবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (৫৫) বাড়ি ফেরার পথে সিংড়ার মহিষমারী কাচারিপাড়ায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত বুধবার তিনি মারা যান। মুক্তিযোদ্ধা লুৎফর মহিষমারী গ্রামের মৃত শুকুর মোল্লার ছেলে।এদিকে শিক্ষক আনছার আলী (৫০) মঙ্গলবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে স্কুলে যাওয়ার পথে উপজেলার শেরকোল ব্রিজের পাশে অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত বুধবার তিনি মারা যান।ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ জানায়, সদর উপজেলার রামরাইল সেতু এলাকার ডাইভারশন সড়কে গতকাল দুপুরে ইস্পাতের শিটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে যায়। এতে ওই অটোরিকশার চালক, তারেক হোসেন (২২) নামের এক পুলিশ সদস্যসহ তিন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তারেককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে সেখানে তাঁর মৃত্যু হয়। তারেক সদর থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ফেনী জেলায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।