সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গতকাল বৃহস্পতিবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের চা ও মুদি দোকানে ঢুকে গেলে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া সদর উপজেলায় অপর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক। এ ছাড়া সিরাজগঞ্জ ও হবিগঞ্জে একই দিন পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও চারজন।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: নাচোলে রহনপুর-নাচোল সড়কের খরিবোনা বাজার এলাকায় গতকাল বেলা ১১টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের চা ও মুদি দোকানে ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান চা-দোকানি কসবার বেলপুকুর গ্রামের ওহাব আলী (৪৫)। এ ঘটনায় মুদি দোকানি একই ইউনিয়নের আনোকাদিঘি গ্রামের গাজলুর রহমান (৪৫) ও ওই দোকানে বসে থাকা একই গ্রামের তোবারক হোসেনসহ (৪৭) পাঁচজন আহত হন। তাঁদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মারা যান গাজলুর। আর রাজশাহী মেডিকেলে নেওয়ার পর দুপুরে মারা যান তোবারক।
নাচোল থানার ওসি ফাছির উদ্দিন বলেন, ট্রাকচালক মাইনুল ইসলামকে আটক করে পুলিশে দেন লোকজন।
সদর থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, সদর উপজেলার আতাহার এলাকায় বিকেলে মিনিবাসের ধাক্কায় সামশুল আলম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী রোড ডিভাইডারের কাছে গতকাল বেলা সোয়া ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ঢাকাগামী একটি বাস। এতে ঘটনাস্থলেই এনায়েতপুরের আরকন্দি গ্রামের আবদুল কাদের (৫২) ও নুর ইসলাম (৫৭) নামের অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
হবিগঞ্জ: বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরি এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন বাহুবলের ভাটপাড়া গ্রামের জেবু মিয়া (২৫) ও খালেক (২৭)। এ ঘটনায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন উত্তেজিত জনতা। পরে পুলিশ চালককে আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।