সড়ক দুর্ঘটনায় তিন নারীর মৃত্যু
নীলফামারী, গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল সোমবার নীলফামারীতে একজন এবং আগের দিন রোববার রাতে গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে দুই নারী প্রাণ হারান।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: জলঢাকা সদর পৌরসভার জলঢাকা-কৈমারী সড়কের গোদর বাজারে গতকাল দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় কনকবালা রায় (৫০) নামের এক গৃহবধূ মারা যান। তিনি পৌরসভার সতীঘাট গ্রামের হরেন্দ্র নাথ রায়ের স্ত্রী। এলাকাবাসী জানান, রাস্তায় ধান শুকানোর সময় পেছন থেকে দ্রুতগামী মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা দেয়। দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও: সদর উপজেলার বড়দেশ্বরী-ঢোলরহাট সড়কের বড়দেশ্বরী এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রোববার রাতে হালিমা খাতুন (২৭) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, খড়িবাড়ি গ্রামের মো. জুয়েল তাঁর স্ত্রী হালিমাকে নিয়ে মোটরসাইকেলে করে ঢোলরহাট যাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গৃহবধূ মারা যান। এলাকাবাসী জুয়েলকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত বর্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাইবান্ধা: তুলসীঘাট-রওশনবাগ সড়কের সদর উপজেলার মহন্দপুর বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রোববার রাতে জমিলা বেগম (৮০) নামের এক নারী মারা গেছেন। নিহত বৃদ্ধা বড়মহন্দপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী। পুলিশ জানায়, রাত নয়টার দিকে মহন্দপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই জমিলা মারা যান।