সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা দুইটার দিকে পীরগঞ্জ-জাবরহাট সড়কের পিএস স্কুলের সামনে সোনারপাড়া মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতপুর আখের খামারের সোনারপাড়া রাস্তা দিয়ে পীরগঞ্জের জুতা ব্যবসায়ী স্বপনের মাহেন্দ্র ট্রাক্টরটি বেলা দুইটার দিকে দ্রুতবেগে সোনারপাড়া মোড়ে পীরগঞ্জ-জাবরহাট সড়কে উঠছিল। এ সময় তিন যাত্রীর মোটরসাইকেলটি জাবরহাটের দিকে যাওয়ার পথে সোনারপাড়া মোড়ে ওই ট্রাক্টরের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জুয়েল (৩০) এবং আরোহী পীরগঞ্জ উপজেলার আজলাবাদ গ্রামের ইটভাটার শ্রমিক সাইদুর রহমান (৪৫) ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের আরেক আরোহী সাইদুরের শ্যালক আজাদ আলীকে (৩৫) গুরুতর অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে তিনি বেলা আড়াইটার দিকে মারা যান।