সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষক নিহত
গোপালগঞ্জ, নীলফামারী ও বরগুনার আমতলীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষক নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক এক স্কুলশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় সাজাইল স্কুলের সাবেক প্রধান শিক্ষক এ বি এম আবদুল মান্নানকে (৭০) দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে গত রোববার সন্ধ্যায় একই সড়কের পোনায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত মোর্শেদা (৪) নামের এক শিশু হাসপাতালে মারা গেছে। নীলফামারী: গত রোববার দুপুর ১২টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কারিগরি প্রশিক্ষক রেহানা আক্তার সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। ডোমার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তাঁর মৃত্যু হয়। আমতলী (বরগুনা): আমতলী-কলাপাড়া সড়কের তালুকদারবাড়ী এলাকায় গতকাল সকালে যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হাওলাদার (৪০) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। ফারুক হাওলাদার আমতলীর ইউনুস আলী খান ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার মাইঠা গ্রামে।