সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীসহ নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে গতকাল শনিবার ট্রাকের চাপায় তিন কলেজশিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। এর আগে শুক্রবার রাতে কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় চান্দিনা পৌরসভার প্যানেল মেয়র নিহত হন। একই দিন সাতক্ষীরায় পিকআপ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়। এ ছাড়া গতকাল কুমিল্লায় দুই মোটরসাইকেল আরোহীসহ অন্যান্য জায়গায় সড়ক দুর্ঘটনায় আরও আটজন নিহত হন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: মাদারীপুরের শিবচরে গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল-খুলনা মহাসড়কের বন্দর খোলা এলাকায় তিন কলেজশিক্ষার্থীকে চাপা দেয় রূপসী পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই স্থানীয় ইলিয়াছ আহম্মেদ চৌধুরী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইমরান হাওলাদার ও রেহানা আক্তার মারা যায়। এর পর পরই বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের বাদশা মাতুব্বরের ছেলে শাকিব (৪) এবং দুলাল মিস্ত্রীর স্ত্রী আরজুদা বেগম (৪০) আহত হন। এ সময় শাকিব, আরজুদা ও আরেক কলেজছাত্রী হালিমা আক্তারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় ১০টি যানবাহন ভাঙচুর করা হয়।
কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনার আশরা এলাকায় গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে কাভার্ড ভ্যানের চাপায় চান্দিনা পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেজবাহ উদ্দিন বাবুল (৫৫) নিহত হন। তিনি চান্দিনা পৌর বিএনপির সহসভাপতি। চান্দিনা থানার ওসি মো. গোলাম মোর্সেদ জানান, মেজবাহ মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন।
গতকাল বিকেলে মহাসড়কে কুমিল্লার বুড়িচংয়ের পরিহলপাড়া এলাকায় একটি ট্রাক দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী মো. রাসেল (২৫) ও ফজলুল হক নিশান (২৮) নিহত হন। তাঁদের বাড়ি ফেনীর সদর উপজেলায়।
নাটোর: নাটোরের বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় গতকাল সকালে নাটোর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মহরম আলী (৪৫) নিহত হন। এদিকে দুপুরে একই উপজেলার গুরুমশৈল এলাকায় ভটভটির চাকায় ওড়না পেঁচিয়ে রহিমা খাতুন (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। রহিমা গ্রামের মৃত হাসান আলীর মেয়ে এবং বনপাড়া মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
সিরাজগঞ্জ: সদর উপজেলার কড্ডা মোড় এলাকায় গতকাল সকালে মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস ভ্যানচালক ওমেদ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই সময় ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের ভুঁইয়াগাতী শ্মশানঘাট এলাকায় মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফেন্সি খাতুন (১৮) নামের এক নারী নিহত হন। ফেন্সি গাইবান্ধার সাদুল্যাপুর থানার বনগ্রামের তিতাই প্রামাণিকের মেয়ে।
সাতক্ষীরা: জেলার শ্যামনগরের আড়পাঙ্গাশিয়ায় শুক্রবার সন্ধ্যায় দুর্গাপ্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় পিকআপ থেকে পড়ে মিঠুন সরকার (২৬) নামের তরুণ আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের নাজিরপাড়া এলাকায় সকাল আটটার দিকে বাসের ধাক্কায় আহত হন অজ্ঞাতনামা এক নারী। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর সকাল নয়টার দিকে তিনি মারা যান।
ময়মনসিংহ: জেলার হালুয়াঘাট উপজেলায় গতকাল সকালে যাত্রীবাহী বাসের চাপায় নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর বাড়ি হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামে।