সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ নিহত ৬
পাবনা, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া সাতক্ষীরায় একটি যাত্রীবাহী বাস পানিতে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ বুধবার এসব দুর্ঘটনা ঘটে।
পাবনা: জেলার সুজানগর উপজেলার চিনাখড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে বুধবার সকালে বাসের ধাক্কায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থেমে থাকা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকজন হলেন জেলার সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের মিরাজুল ইসলাম (৩০), চিনাখড়া গ্রামের শিপন হোসেনের মেয়ে রিয়া খাতুন (২) ও অজ্ঞাত এক নারী (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মিরাজুল ইসলাম নিহত হন। আহত অবস্থায় নছিমনের পাঁচজন যাত্রীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বেলা একটার দিকে অপর দুজন মারা যান।
নাটোর: নাটোরে ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্র ও এক পাওয়ারটিলার চালকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাক একটি পাওয়ারটিলারকে ধাক্কা দিলে ট্রলির চালক আরিফ হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চালকের নাম আরিফ হোসেন (২৫)। তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাঁচুপুর গ্রামের উজির আলীর ছেলে।
এদিকে, একই সময় জেলার গুরুদাসপুরের কাছিকাটা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে ট্রাকের ধাক্কায় হৃদয় হোসেন (৮) নামের সাত বছরের এক স্কুলছাত্র নিহত হয়। হৃদয় উপজেলার রানীগ্রাম ফকিরপাড়ার কামাল হোসেনের ছেলে ও রানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুন নুর জানান, হৃদয় স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজের কাছে ঢাকা থেকে নাটোরগামী একটি মালবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসি এলাকায় বুধবার দুপুরে ভটভটির চাপায় মলি খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে খলসি গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খলসি উচ্চবিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় মলিকে একটি ভটভটি চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় ভটভটিটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংকের পাঁচ কর্মকর্তা ও দুই স্কুল শিক্ষকসহ ৩০ জন আহত হয়েছে। আহত লোকজনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের পাউখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
অগ্রণী ব্যাংকের শ্যামনগর সদর শাখার ব্যবস্থাপক মফিজুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি যাত্রীবাহী বাস শ্যামনগর যাচ্ছিল। বাসটি সকাল ১০টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের পাউখালী এলাকায় পৌঁছালে সামনের চাকা খুলে পাশের বিলে পড়ে যায়। এতে ৩০ জন আহত হন। কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তৈয়বুর রহমান জানান, আহত লোকজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।