সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার ঢাকা-খুলনা মহাসড়ক এবং মাগুরা-ঝিনাইদহ সড়কে ওই সব দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম সুজন সরদার (১৫)। সে ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সুজন উপজেলার দামোদরদী গ্রামের জামাল সরদারের ছেলে। অন্য দুজন হলেন মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের জাকারিয়া বিশ্বাস (৩০) ও রাজারামপুর গ্রামের সামিরুল ইসলাম (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে সুজন উপজেলার ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় যশোরগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আবদুর রশীদ বলেন, একটি ট্রাক সকাল পৌনে সাতটার দিকে পশ্চিম রামনগর এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে জাকারিয়া নামের এক পথচারীকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই নিহত হন। এরপর সামিরুল নামে আরেক পথচারীকে চাপা দিয়ে ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। সামিরুলকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।