সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
মানিকগঞ্জের ঘিওর ও গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের আলেক গাইন (৪৫), তজুমুদ্দিন (৪২) ও কালিয়াকৈরের আজিরন বেগম (৫০)।
ঘিওর থানার পুলিশ জানায়, গতকাল দুপুরে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুরা গ্রামের আলেক, তজুমুদ্দিন ও আলমাছ মানিকগঞ্জ শহরে আসছিলেন। বেলা দুইটার দিকে ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় পাটুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আলেক মারা যান। গুরুতর অবস্থায় অন্য দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তজুমুদ্দিন মারা যান।
এদিকে কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই উত্তরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ খাদে পড়ে গেলে আজিরন মারা যান। তিনি মেদীআশুলাই দেড়চালা এলাকার আনোয়ার উদ্দিনের স্ত্রী।