সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় বগুড়ার শেরপুরে দুজন ও নওগাঁর আত্রাই উপজেলায় একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন।
অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়া বটতলা সরকারি মৎস্য খামারের সামনে ট্রাকের চাপায় হাবিল উদ্দিন (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি শেরপুর পৌর শহরের প্রফেসর পাড়ায়। গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় ফেরদৌস সরকার বলেন, হাবিলের মেয়ে রাখি মিলন সিরাজগঞ্জ সদরের হোসেনপুর এলাকায় থাকেন। বুধবার রাতে হাবিল তাঁর মেয়ের অসুস্থতার সংবাদ পান। তিনি মোটরসাইকেলে করে সিরাজগঞ্জে যাওয়ার পথে ট্রাকচাপা পড়েন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবির বলেন, পণ্যবোঝাই ট্রাকটি বগুড়ায় যাচ্ছিল। মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার পর ট্রাকটি মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
একই দিন বেলা দুইটার দিকে উপজেলার রাজাপুর এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঠান্ডু জোয়ারদার (৩৮) নামের এক ব্যক্তি নিহত ও অন্তত ২০ জন আহত হন। নিহত ঠান্ডু জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া জোয়ারদারপাড়া গ্রামের অনু জোয়ারদারের ছেলে।
এদিকে নওগাঁর আত্রাইয়ে গতকাল ভোরে একটি ভটভটি উল্টে এর চালক নিহত এবং দুজন আরোহী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ভোরে কালীগঞ্জ থেকে একটি যাত্রীবাহী ভটভটি আত্রাই যাওয়ার পথে বারোবিঘা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ভটভটির নিচে চাপা পড়ে চালক সাগর হোসেন (২০) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ভটভটি আরোহী ইসরাফিল আলম (৩৫) ও পল্লব হোসেন (৪০) আহত হন। নিহত সাগর হোসেন উপজেলার বনমালিপুড়ি গ্রামের ইসলাম আলীর ছেলে।