সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
নওগাঁ ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে তিনজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার আবদুল্লাহ আল সবুর রাফি (৩০) ও পত্নীতলার আবদুস সালাম (৪৫) ও নাটোরের বড়াইগ্রামের সোহেল রানা (৩১)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁ: গত সোমবার দুপুরে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার থেকে মোটরসাইকেলে করে মহাদেবপুরে যাচ্ছিলেন আবদুল্লাহ রাফি ও তাঁর খালাতো ভাই জুয়েল রানা। পথে ছাতড়া বিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে গেলে দুজনই আহত হন।
তাঁদের উদ্ধার করে প্রথমে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাফিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে রাফি মারা যান।
এলাকাবাসী বলেন, নজিপুর পৌরসভার সুজাইল মোড় থেকে বাদপুঁইয়া এলাকায় সাইকেলে করে সোমবার বাড়ি ফিরছিলেন আবদুস সালাম। পথে নওগাঁ-নজিপুর সড়কের ব্র্যাক অফিস মোড়ে রাত নয়টার দিকে পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। নজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, মোটরসাইকেল ও এর চালককে শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি।
নাটোর: বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, উপজেলার মৌখাড়া গ্রামের আবদুল রহমান সরকারের ছেলে সোহেল গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। পথে রাজাকার মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।