সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ ও নড়াইলে গতকাল বৃহস্পতিবার এবং বরগুনায় বুধবার সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহযোগীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, বরগুনা, ফরিদপুর অফিস, নড়াইল প্রতিনিধির পাঠানো খবর:
গোপালগঞ্জ: গতকাল সকাল সাতটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলভর্তি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকচালকের সহকারী মো. জালাল শেখ (৩৫) দুর্ঘটনাস্থলেই মারা যান। জালালের বাড়ি খুলনা শহরের খালিশপুর জোড়া গেট এলাকায়। এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
নড়াইল: গতকাল বেলা দুইটার দিকে নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড়ে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুই আরোহী আহত হয়েছেন। পুলিশ জানায়, রডবোঝাই নছিমনটি নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল ওই মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির চালক মেহেদী হাসান (১৭) ঘটনাস্থলেই মারা যায়। তার বাড়ি সদর উপজেলার সীমাখালি গ্রামে। আহত দুই আরোহী হলেন একই গ্রামের শামীম (১৯) ও সোহেল (১৯)। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার এসআই বদিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনা: বুধবার রাতে আমতলী উপজেলার মানিকঝুরি এলাকায় আমতলী-কলাপাড়া সড়কে দুর্ঘটনায় ইউসুফ মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে আমতলী থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ইউসুফ গ্রামের বাড়ি ছোট নীলগঞ্জ যাচ্ছিলেন। এ সময় তাঁকে বহনকারী মোটরসাইকেলটি আমতলী-কলাপাড়া সড়কের মানিকঝুরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইউসুফ রাস্তার পাশে ছিটকে পড়েন। মাথায় গুরুতর চোট পেয়ে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।