সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
ফরিদপুরের বোয়ালমারীতে গতকাল বৃহস্পতিবার মাহেন্দ্র ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। একই দিন কুষ্টিয়া শহরতলীর কানাবিলের মোড়ে ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
বোয়ালমারীতে নিহত ব্যক্তিরা হলেন সালথা উপজেলার বাবুই খোলা গ্রামের জাবের ফারাজি (৫০) ও ফরিদপুর সদর উপজেলার আড়ুয়াডাঙ্গি গ্রামের ইয়াকুব ওরফে আকু ডাক্তার (৬৫)। কুষ্টিয়ায় নিহত ব্যক্তির নাম জুয়েল হোসেন (৩৩)।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও বোয়ালমারী থানা সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে মাহেন্দ্রতে করে যাত্রীরা আলফাডাঙ্গা যাওয়ার সময় শেখর ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচজন আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত জাবের ও ইয়াকুবের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়। ঢাকা নেওয়ার পথে বেলা পৌনে ১১টার দিকে তাঁদের মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে জুয়েল কুষ্টিয়া শহরতলীর কানাবিল এলাকায় একটি কারখানায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়াগামী একটি কাঠবোঝাই ট্রাক কানাবিলের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। পথচারী জুয়েল ট্রাকের চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। জুয়েল মঙ্গলবাড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।