সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার বরিশালের গৌরনদী উপজেলায় দুজন ও বাগেরহাটে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন গৌরনদীতে মো. ফেরদৌস ও ফরিদা বেগম এবং বাগেরহাটে খান ইজাজ্জেল হোসেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলা বার্থী এলাকায় গতকাল বেলা দুইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মো. ফেরদৌস নিহত হন। তিনি কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামের আবদুস সামাদের ছেলে।
অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস গত রোববার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বেজহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের ডোবায় পড়ে যায়। এ সময় মাইক্রোবাসের চালক রাসেল খান (৩২) ও যাত্রী ফরিদা বেগমসহ (৪২) পাঁচজন গুরুতর আহত হন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে পাঁচটায় ফরিদা বেগম মারা যান। ফরিদার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলা সদরে।
এদিকে গতকাল সকাল পৌনে ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার মুরগি পালন কেন্দ্রের সামনে ‘মাহেন্দ্র’ নামে পরিচিত তিন চাকার স্কুটার উল্টে খান ইজাজ্জেল হোসেন (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লা গ্রামের বাসিন্দা।