সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
সিরাজগঞ্জ, জয়পুরহাট ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় একটি কোচ পৌর বাসস্ট্যান্ড থেকে যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মুহিত উদ্দিন (৩৭) নিহত ও তাঁর সহযাত্রী আহত হন। মুহিত সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। ক্ষেতলাল (জয়পুরহাট): উপজেলার ভাসিলা-ত্রিমোহিনী রাস্তার শাখারুঞ্জ চৌধুরীপাড়ার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ গতকাল সকালে পাওয়া গেছে। তাঁর বয়স আনুমানিক ৪৩ বছর। দিনাজপুর: গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের কাউগাঁ মোড় এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি ট্রাক পেছন থেকে এক সাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম রোস্তম আলী (৪৫)। সকাল সাড়ে সাতটার দিকে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রেলঘুমটির কাছে পার্বতীপুরগামী দোলনচাঁপা ট্রেনের নিচে কাটা পড়ে আলমগীর হোসেন (৪৫) নামের এক মোটরশ্রমিক নিহত হয়েছেন।