সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা মোড় এলাকায় গতকাল বুধবার যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে দিনাজপুরের বিরামপুর উপজেলার টাটাকপুর এলাকায় ট্রাকের চাপায় হুমায়ুন কবীর (৪৮) নামের এক বাসশ্রমিক নিহত হয়েছেন।শেরপুর থানা সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের একটি বাস উপজেলার ঘোগা মোড় এলাকায় বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই কুড়িগ্রাম উপজেলার পাঁচগুছি গ্রামের আবুল মিয়ার ছেলে মমিনুল ইসলাম (৩৫) ও যাত্রাপুর গ্রামের গেন্দু শেখের ছেলে আয়নাল হোসেন (১৮) নিহত হন। আহত হন ১৬ জন। বিরামপুর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বিরামপুর থেকে উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের মৌপুকুর গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন বিরামপুর বাস শ্রমিক হুমায়ুন কবীর। টাটাকপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দিনাজপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই হুমায়ুন কবীর মারা যান।