সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
ফরিদপুর সদর উপজেলায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিন্টু মিয়া (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও নয়জন। গত রোববার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার গঙ্গাবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই উপজেলায় গতকাল সোমবার বাসের চাপায় সানোয়ার হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া রোববার রাতে মাগুরা শহরে গাড়িচাপায় অজ্ঞাতনামা এক নারীর (৬০) মৃত্যু হয়েছে।করিমপুর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মোতালেব জানান, রাত পৌনে একটার দিকে গঙ্গাবর্দী এলাকায় একটি বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি সড়কের ওপর উল্টে পড়লে বাসের সহকারী মিন্টু চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হয় বাসের নয়জন যাত্রী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মহিলা রোড এলাকায় গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী ‘সৌখিন পরিবহন’-এর একটি বাস একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সানোয়ার হোসেন নিহত হন। তাঁর বাড়ি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে। দুর্ঘটনার পর কিছু দূর গিয়ে বাস থামিয়ে চালক পালিয়ে যান। একপর্যায়ে এলাকাবাসী মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে।মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম জানান, মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে ব্র্যাক কার্যালয়ের সামনে রোববার দিবাগত রাতে কোনো গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়। কিন্তু তাঁর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় মৃত্যুর পর লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করে। যে কারণে তাঁর লাশ বিকৃত ও ক্ষতবিক্ষত হয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।