সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
চাঁদপুর সদর, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঢাকার বাইরে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: ভোর পাঁচটার দিকে চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা এলাকায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ফরিদগঞ্জ উপজেলার মৃত আবদুল জলিলের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অটোরিকশাটি চাঁদপুরে গ্যাস নিতে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক আবুল হোসেন নিহত হন।
কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সকাল ১০টার দিকে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এংরাজ মিয়া (৫৫) নামের এক শুঁটকি ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশ ঘেঁষে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে চোরেরা একটি গাছ কাটছিল। গাছটি সড়কে পড়ার উপক্রম হলে এক অটোরিকশার চালক দুর্ঘটনা এড়াতে দ্রুতগতিতে ওই স্থান ত্যাগ করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার যাত্রী ওই শুঁটকি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি হবিগঞ্জের উমেদ নগর গ্রামে। কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দাউদকান্দি (কুমিল্লা): সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার জিংলাতলী নামক স্থানে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় ট্রাকচালকের সহকারী আসাদুল ইসলাম (২২) নিহত হন। দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, জিংলাতলীতে ওই কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এসে ঢাকাগামী একটি ট্রাক থেকে নামার সময় আসাদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আসাদুল ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর গ্রামের আলী আকবরের ছেলে। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছেন।