সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকের সঙ্গে করিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এক মিনিট্রাকের চালক নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন পাবনার সুজানগরের দ্বারিয়াপুরের সেলিম হোসেন (৪৫), সুজাউল ইসলাম (২৫) ও যশোর সদর উপজেলার শফিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কয়েকজন ব্যক্তি করিমনে চড়ে সুজানগর যাচ্ছিলেন। কিছু দূর এগোনোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন।

বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা সূত্র জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে একটি মিনিট্রাক বেনাপোল থেকে ঢাকায় যাওয়ার পথে আগ্রাণ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাককে পেছনে থেকে ধাক্কা দেয়।