সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গতকাল বুধবার বাসের ছাদ থেকে পড়ে আহাদ খান (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
এ ছাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর বাউফল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের (শ্যালোযন্ত্রচালিত যান) সঙ্গে ধাক্কা লেগে মো. খলিল (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। একই দিন চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রাকের চাপায় রমিজ আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: দুপুর সাড়ে ১২টার দিকে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের কাজুলিয়া এলাকায় উপজেলার চৌরকুলী গ্রামের ইমদাদ খানের ছেলে ও স্থানীয় কাজুলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র আহাদ শেখ একটি বাসের ছাদ থেকে পড়ে যায়। কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
বাউফল (পটুয়াখালী): মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার হাজিরহাট-কাশিপুর সড়কের কাশিপুর বাজারের কাছে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটমের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মোটরাসাইকেলের চালক মো. খলিল মারা যান।
চুয়াডাঙ্গা: মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে জেলার সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে রাস্তা পার হওয়ার সময় রমিজ আলীকে একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।