সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
পটুয়াখালীর বাউফল উপজেলায় গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দিন সড়ক দুর্ঘটনায় পিরোজপুর ও রাজবাড়ীতে আরও দুজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাউফল (পটুয়াখালী): বাউফলের গোলাবাড়ি-কালিশুরী সড়কের জনতা বাজার এলাকায় শনিবার রাত আটটার দিকে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন হাওলাদার (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ জানায়, রুহুল আমিন নুরাইনপুর বাজারের একটি ওয়ার্কশপের মালিক।
মঠবাড়িয়া (পিরোজপুর): পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় জেলার নাজিরপুর উপজেলা সদর থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে রুশিয়ারা বেগম (৪৬) নামের এক গৃহবধূ বাড়ি ফিরছিলেন। চৌঠাইমহল এলাকায় রাবেয়া পেট্রলপাম্পের সামনে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুশিয়ারা মারা যান।
রাজবাড়ী: বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকায় শনিবার সন্ধ্যায় ইজিবাইককে পাশ কাটিয়ে যাওয়ার (ওভারটেক) সময় একটি নছিমন উল্টে যায়। এ সময় নছিমনের চালক আফছার আলী শেখ (৪৪) গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।