সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন নূরেজা বেগম (৪৫), আবুল কালাম (৫৫) ও আলমগীর হোসেন (৩৫)।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, মতিঝিলের শাপলা চত্বরের কাছে গতকাল বুধবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় নূরেজা বেগমকে বিআরটিসির একটি বাস চাপা দেয়। এতে তিনি নিহত হন। তাঁর স্বামী আবদুল হামিদ জানান, নূরেজা বাসা-বাড়িতে কাজ করতেন। দক্ষিণ কমলাপুরে তাঁদের বাসা।
পুলিশের টহল পরিদর্শক (পিআই) শেখ আবুল বাসার জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
বিকেল পাঁচটার দিকে শ্যামপুর ওয়াসা গেটে ট্রাকের চাপায় আবুল কালাম নিহত হন। তিনি স্থানীয় সালাম স্টিল মিলের নিরাপত্তাকর্মী ছিলেন। রাস্তায় দাঁড়িয়ে সংকেত দিয়ে কারখানা থেকে মালবোঝাই ট্রাক বের হতে সাহায্য করার সময় অন্য একটি ট্রাক তাঁকে চাপা দেয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পল্টন মোড়ে দুটি ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের আরোহী আলমগীর হোসেন নিহত হন। আহত হন একই ট্রাকের চালক গোলাম নবী মোস্তফা। গোলাম নবীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।