সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ৭
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন আলামিন (২৫) ও মনি খন্দকার (৩৫)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ লালবর (৩০) নামের একজন মারা গেছেন। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ বলেন, গতকাল সকালে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে উপজেলার জুংলিপুর নামক স্থানে পাবনা থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে একটি হিউম্যান হলারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হলারটি রাস্তার পাশে ছিটকে পড়লে চার যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে যাত্রী পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের সামসুল ইসলামের ছেলে আলামিন (২৫) মারা যান। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে নাটোর থেকে একটি জ্বালানি তেলবাহী লরি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ ঘটনায় রাস্তার ওপরে থাকা মোটরসাইকেল চালক মনি খন্দকার (৩৫) লরির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি তাড়াশ সদরের থানাপাড়ার আবুল হোসেন খন্দকারের ছেলে। এ ঘটনায় বাজারের আরও চার ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি বাজার এলাকায় গতকাল সকালে একটি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোহাম্মদ লালবর (৩০) নামের এক সাইকেল আরোহী নিহত হন। তিনি শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের চকেরঘাট পারঘোড়াপাখিয়া গ্রামের কেতাবুর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে লালবর বাইসাইকেল নিয়ে রানিহাটি বাজার এলাকার একটি সংযোগ সড়ক দিয়ে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ওঠার সময় স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তবে ওই ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।