সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৪
হবিগঞ্জের বাহুবল উপজেলার চকরামপুর এলাকায় গতকাল রোববার সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। একই দিন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন।
বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর স্কুল রোডের বাসিন্দা সুনীল আচার্য (৬৩), তাঁর স্ত্রী রিনা আচার্য (৫৩) এবং সুনীল আচার্যের বোন শান্তনা রানী আচার্য (৫২)। এতে শান্তনা রানী আচার্যের ছেলে রিটন আচার্য (২৫) আহত হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে সুনীল, রিনা, শান্তনা রানী ও রিটন আচার্য গতকাল সকালে অটোরিকশায় হবিগঞ্জের চুনারুঘাট যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার চকরামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই সুনীল ও রিনা মারা যান। আশঙ্কাজনক অবস্থায় শান্তনা রানীকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নান্নু মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করেছি।’
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাবিলাখাই গ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ মনীন্দ্র কুমার পাল (৬০) গতকাল দুপুরে বাড়ি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় পাগলা বাজারে যাচ্ছিলেন। পথে পাগলা-জগন্নাথপুর সড়কের আক্তারপাড়া সেতুর কাছে একটি লেগুনার সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মনীন্দ্র কুমার মারা যান। আহত হন অটোরিকশার আরও দুই যাত্রী। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, ময়নতদন্ত ছাড়াই মনীন্দ্র কুমারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।