সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৫
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল রোববার ট্রাকের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। একই দিন ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে দুজন এবং চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় এক শিশু প্রাণ হারিয়েছে।
ভালুকায় নিহত দম্পতি হলেন আবুল কালাম আজাদ (৫৫) ও সুফিয়া বেগম (৪৫)। তাঁদের বাড়ি ত্রিশাল উপজেলার মোক্ষপুর গ্রামে। ঈশ্বরগঞ্জে প্রাণহানির শিকার দুজন হলেন পৌরসভার কাঁকনহাটি মহল্লার রফিকুল ইসলাম (২৫) ও দত্তপাড়া মহল্লার জহিরুল ইসলাম খান (৩৪)। হাজীগঞ্জে নিহত শিশুর নাম তামিম (৭)। সে আল-কাউসার ক্যাডেট মাদ্রাসার নার্সারি শাখার ছাত্র ছিল। সে দক্ষিণ শ্রীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবুল কালাম আজাদ ও সুফিয়া বেগম ভালুকা মডেল থানায় রান্না ও পরিচ্ছন্নতার কাজ করতেন। সকাল আটটার দিকে কাজ শেষে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় থানার পাশেই একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
নান্দাইল (ময়মনসিংহ): এলাকার লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ এলাকায় কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে দুটি যানের আরোহীদের মধ্যে ২ জন নিহত ও ১০ জন আহত হন।
হাজীগঞ্জ (চাঁদপুর): প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম তার মা তাহমিনা বেগমের সঙ্গে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় জামাল মঞ্জিলে ভাড়া বাসায় থাকত। বেলা ১১টার দিকে ছুটির পর তামিম মায়ের সঙ্গে মাদ্রাসার সামনে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী বেলা একটা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচলে বাধা দেয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।