সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও গাইবান্ধায় দুজন নিহত
দিনাজপুর সদর উপজেলার চাঁদগঞ্জ বাজারে গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় বেলাল উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলটি পেছন থেকে বেলাল উদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান। তাঁর বাড়ি সদর উপজেলার মহারাজপুর গ্রামে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অদূরে ফাঁসিতলা এলাকায় সোমবার রাতে একটি মাইক্রোবাসের ধাক্কায় হাসান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের দহগ্রাম এলাকায়। পুলিশ জানায়, ওই দিন রাত নয়টার দিকে হাসান আলী ফাঁসিতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি মাইক্রোবাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।