সড়ক দুর্ঘটনায় দিনে মরে ৮ জন, সেতুমন্ত্রীর তথ্য

দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে আটজনের বেশি লোক মারা যান। আজ সোমবার সংসদের প্রশ্নোত্তরপর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ১৫ বছরের সড়ক দুর্ঘটনার যে হিসাব দিয়েছেন, তা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
ইসরাফিল আলমের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ২০০০ সাল থেকে চলতে বছরের এপ্রিল পর্যন্ত মোট ৫৫ হাজার ৩১৬টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে ৪৫ হাজার ৪৯৫ জন নিহত ও ৩৮ হাজার ৭৭০ জন।
এই হিসাবে প্রতিবছর গড়ে তিন হাজারের বেশি লোক মারা গিয়েছেন।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ঢাকা শহরে নিবন্ধন বিহীন গাড়ির পরিসংখ্যান বিআরটিএতে নেই। তবে মোটর যান আইন অনুযায়ী নিবন্ধন বিহীন গাড়ি চলাচল নিষিদ্ধ।
মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক জানান, বিদেশে পাট রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অন্য কোনো দেশের রপ্তানি চুক্তি নেই।
হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ জানান, বর্তমানে দেশে মহিলা অধিদপ্তরের অধীনে ৪৩টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় ছয়টি মধ্যবিত্ত, আটটি নিম্ন মধ্যবিত্ত এবং ১১টি নিম্ন ও মধ্যবিত্ত সেন্টার রয়েছে। এ ছাড়া জেলা শহরে ১৩টি এবং বিভাগীয় শহরে পাঁচটি সেন্টার রয়েছে।
সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, কর্মরত নারী পোশাক শ্রমিকদের জন্য সাভারে একটি হোস্টেল নির্মাণের কাজ চলছে।
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, রেলের উন্নয়নে ১১০টি লোকোমোটিভ ও ৮৮৪টি বগি সংগ্রহের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া ১০০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ করা হবে।