সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত দুজন হলেন মাহিন খন্দকার (১৯) ও নাঈম খান (১৮)। তাঁরা দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন হাফিজুল মিয়া (২০) নামের আরেকজন। তিনিও মোটরসাইকেলের আরোহী ছিলেন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মাহিন খন্দকার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মন্টু খন্দকারের ছেলে। নাঈম খান একই গ্রামের আইয়ুব আলী খানের ছেলে। তাঁদের দুজনেরই ভাঙ্গার শরীফাবাদ উচ্চবিদ্যালয়ের মানবিক শাখা থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুদ্দিন জাহাঙ্গীর বলেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মাহিন। আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গতকাল রাত পৌনে ১১টার দিকে মারা যান নাঈম। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় কোনো মামলা হয়নি।
শরীফাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, নিহত নাঈম ও মাহিন তাঁর বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্র। পরীক্ষার মাত্র কয়েক দিন আগে তাঁদের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।