সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল সোমবার দুই কিশোরের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ফারুক (১২) আর অন্যজনের নাম জানা যায়নি।গতকাল বিকেলে গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ রেলগেটসংলগ্ন সড়কে একটি তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফারুক (১২) নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক নাসিম (২২)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গেন্ডারিয়া থানার পুলিশ জানায়, ফারুক জুরাইনের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। গতকাল বিকেল পাঁচটার দিকে ফারুক গ্যারেজের মালিক নাসিমের সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। দয়াগঞ্জ রেল গেটসংলগ্ন সড়কে এলে যমুনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফারুক ও নাসিম গুরুতর আহত হয়। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ফারুকের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। বাবার নাম খোরশেদ।এদিকে পৃথক ঘটনায় গতকাল সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কের খিলক্ষেত ওভারব্রিজের নিচে বাসের চাপায় অজ্ঞাত এক কিশোরের (১৩) মৃত্যু হয়েছে। নিহত কিশোরের পরনে ছিল হাফশার্ট ও জিন্স। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করেনি খিলক্ষেত পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।