সড়ক দুর্ঘটনায় দুই গ্রাম পুলিশ নিহত
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় দুই গ্রামপুলিশ নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে আরিচা ফেরিঘাটে ওই দুজন মারা যান। নিহতরা হলেন আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মনিরামপুর গ্রামের লোকমান সানার ছেলে আক্তারুজ্জামান (৩৫) ও একই ইউনিয়ন পরিষদের উত্তর একশরা গ্রামের মহিউদ্দিন গাজীর ছেলে আবদুল গাজী (৫৫)। গুরুতর আহত গ্রামপুলিশ হলেন বাসুদেবপুর গ্রামের শিবপদ মণ্ডল।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই তিন গ্রামপুলিশ একটি মোটরসাইকেলে গত বুধবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথে আশাশুনি-সাতক্ষীরা সড়কের মহেশ্বরকাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তাঁরা তিনজনই আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে আরিচা ফেরিঘাটে আক্তারুজ্জামান ও আবদুল গাজীর মৃত্যু হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল বারী জানান, পিকআপটি আটক করা যায়নি। আহত গ্রামপুলিশ শিবপদ মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।