সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরে ও ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় নছিমন ও রিকশাভ্যানের দুই চালক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের সেন মন্ডলের ছেলে নছিমনচালক সবজেল আলী (৫৫) ও ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী গ্রামের তোরাব আলী শেখের ছেলে রিকশাভ্যান চালক সোহাগ শেখ (১৭)।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, বেলা তিনটার দিকে সবজেল আলী চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সাধুহাটি থেকে নছিমন নিয়ে ঝিনাইদহ শহরে আসছিলেন। এ সময় জেলা মৎস্য ভবনের সামনে এলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়ার কয়েকজন বাসিন্দা জানান, দুপুর ১২টার দিকে সোহাগ শেখ নওয়াপাড়ায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে রিকশাভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবা গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চালক রাস্তার পাশে একটি নারকেলগাছ ও সোহাগ শেখকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই সোহাগ শেখের মৃত্যু হয়।