সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর এলাকায় গত শুক্রবার রাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। একই রাতে শেরপুরের নকলা উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক আরোহী মারা গেছেন।
টাঙ্গাইলে নিহত তিনজন হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাজকানিয়া এলাকার বাসচালক হাবিবুর রহমান (৫২), বগুড়া সদর উপজেলার রজাকপুর এলাকার ট্রাকচালক আসাদুজ্জামান (২৭) ও শাজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে সুমাইয়া ইসলাম (১৮)। নকলায় প্রাণহানির শিকার অটোরিকশার আরোহী হলেন সোহানুর হোসেন (১৮)। তিনি শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
টাঙ্গাইলের এলেঙ্গা মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের আশেকপুরে পৌঁছায়। সেখানে রাত সাড়ে আটটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন নিহত হন।
নকলা থানার পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত আটটার দিকে শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র থেকে ফেরার পথে একটি বাস নকলার জালালপুর এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহানুর হোসেন নিহত ও তিনজন আহত হন।
নকলা থানার ওসি মো. গোলাম হায়দার বলেন, পুলিশ বাসটি জব্দ ও এর চালককে গ্রেপ্তার করেছে। গতকাল তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।