সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রসহ নিহত ৩
দিনাজপুরের বিরল উপজেলায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় সঞ্জয় চন্দ্র দেবশর্মা (১৪) ও প্রশান্ত দেবশর্মা (১৪) নামের দুই স্কুলছাত্র নিহত ও অপর স্কুলছাত্র গৌরাঙ্গ চন্দ্র দেবশর্মা (১৩) আহত হয়েছে। একই দিন রংপুরের তারাগঞ্জে আদুত শাহ (৪০) নামের এক আলু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সঞ্জয় চন্দ্র দেবশর্মা বিরলের সুকদেবপুর গ্রামের সুবল চন্দ্র দেবশর্মার ছেলে ও প্রশান্ত একই উপজেলার সাবইল গ্রামের ধনঞ্জয় দেবশর্মার ছেলে। হতাহত তিন ছাত্রই সাবইল এসআর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আদুত তারাগঞ্জের জগদীশপুর গ্রামের বাসিন্দা।
এক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে ওই তিন ছাত্র দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। বিরল-কালিয়াগঞ্জ পাকা রাস্তার জগতপুর খাল লোলিয়া এলাকায় সেতুর কাছে পৌঁছালে মোটরসাইকেলচালক গৌরাঙ্গ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তিন ছাত্রকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে পথেই সঞ্জয় মারা যায়। পরে প্রশান্ত ও গৌরাঙ্গকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল রোববার ভোরে প্রশান্ত মারা যায়।
সাবইল এসআর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ বলেন, ওই তিন ছাত্র বাড়ি থেকে প্রায় সাত-আট কিলোমিটার দূরে সহকারী শিক্ষক মোকতার আলীর কাছে প্রাইভেট পড়তে যায়। ফেরার পথে তারা ওই দুর্ঘটনার কবলে পড়ে।
এদিকে তারাগঞ্জের কয়েকজন বাসিন্দা বলেন, জগদীশপুর গ্রামের বাসিন্দা আলু ব্যবসায়ী আদুত শাহ ইকরচালী বাজারে ব্যবসায়িক কাজ শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। শনিবার রাত ১০টার দিকে ইকরচালী বাসস্ট্যান্ডে রংপুরগামী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।