সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ছাড়া পাবনার সাঁথিয়া ও রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দুপচাঁচিয়া (বগুড়া): নওগাঁ শহর থেকে গত মঙ্গলবার বেলা তিনটার দিকে দুটি মোটরসাইকেলের একটিতে কলেজছাত্র ফারহান টনি ও তাঁর স্ত্রী রেদওয়ানা পারভীন এবং অপরটিতে করে পিয়াস ও শুভপ্রিয় মজুমদার বগুড়ার দিকে যাচ্ছিলেন। বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার চন্দ্রদীঘি নামের স্থানে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এতে ফারহান টনি (২০) ঘটনাস্থলেই নিহত হন।রেদওয়ানা পারভীন এবং পিয়াসকে গুরুতর অবস্থায় দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে (২০) মৃত ঘোষণা করেন।ফারহান টনি ও পিয়াস নওগাঁ ডিগ্রি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। তাঁরা নওগাঁ শহরের বাসিন্দা।পাবনা: পাবনা-নগরবাড়ী মহাসড়কে সাঁথিয়া উপজেলার সড়াডাঙ্গি এলাকায় মঙ্গলবার রাতে বাসের চাপায় ইন্তাজুল প্রামাণিক (৩৩) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হন। তাঁর বাড়ি উপজেলার মাহমুদপুর গ্রামে।রাত ১০টার দিকে ইন্তাজুল বাইসাইকেলে করে স্থানীয় বাজার থেকে ফেরার পথে ওই স্থানে একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।বাগমারা (রাজশাহী): রাজশাহীর বাগমারায় গতকাল বুধবার বাসের ধাক্কায় প্রতাপ কুমার (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি মোহনপুর উপজেলার খাতরা গ্রামের বাসিন্দা। দুপুরে একটি যাত্রীবাহী বাস বাগমারার মরগাবিলে একটি ভটভটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ভটভটির যাত্রী প্রতাপ কুমার ছিটকে পড়ে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।