সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রসহ নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, নড়াইল ও চাঁদপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রসহ আটজনের মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ ও উল্লাপাড়া: বনপাড়া-হাটিকুমরুল সড়কের সলঙ্গা থানার নাইমুড়ি নামক স্থানে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির চালকসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই ট্রলির যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিরা হলেন ট্রলিচালক ফাহিম মিয়া (৩২), যাত্রী লিটন মিয়া (৩০) ও মাহবুব আলম (৩২)। তাঁদের বাড়ি লক্ষ্মীপুরের রামগাতীর চর-আমলকী গ্রামে। এদিকে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার কাওয়াক বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে আরিফুল ইসলাম (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উল্লাপাড়ার কাওয়াক গ্রামের শরিফউদ্দিনের ছেলে এবং কাওয়াক রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার হাসাদহ বাজারে গতকাল সকাল আটটায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে করিমনের যাত্রী হাবিল উদ্দিন (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়। নিহতের বাড়ি জীবননগরের বকুণ্ডিয়া গ্রামে। নড়াইল: সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে জেহাদ আহম্মদ (১২) নামের এক স্কুলছাত্র ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। গতকাল সকাল আটটায় নড়াইল পৌরসভার মহিষখোলায় এ ঘটনা ঘটে। এ ছাড়া ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লায়েক মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইল-গোবরা সড়কের নিশিনাথতলা এলাকায় এ ঘটনা ঘটে।চাঁদপুর: গতকাল দুপুর ১২টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে অটোরিকশা ও মালবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভিশন চন্দ্র দে (৪৫) নামের এক যাত্রী নিহত ও অটোরিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন।