সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রী আহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও পাকুন্দিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছে। এর জের ধরে ক্ষুব্ধ জনতা ও আহত ব্যক্তিদের সহপাঠীরা গতকাল রোববার কিশোরগঞ্জ-চামটা ও কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
আহত ব্যক্তিরা হলো করিমগঞ্জ উপজেলার মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার (৭) ও পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তৃপ্তি আক্তার (১২)।
পুলিশ ও এলাকার কয়েকজন জানান, হাবিবা মাসিমপুর গ্রামের বাসিন্দা। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে স্কুলে যাওয়ার সময় উপজেলার আমলীতলা এলাকায় কিশোরগঞ্জ থেকে চামটাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় গ্রামবাসী ও মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। অবরোধকারীদের বাধার মুখে এ সড়কে সারা দিন অটোরিকশা চলাচল বন্ধ থাকে।
করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অটোরিকশাটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন। তবে ওই সড়কে অটোরিকশার চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, তৃপ্তি আক্তার (১২) গত শনিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পুলেরঘাট এলাকায় অবরোধ করে স্কুলের শিক্ষার্থী ও সাধারণ জনতা। তারা অটোরিকশার চালকের শাস্তি ও স্কুলের সামনে গতিরোধক নির্মাণের দাবি জানায়। আহত তৃপ্তি কটিয়াদীর বারইকাটি গ্রামের মো. বাবুল মিয়ার মেয়ে।
খবর পেয়ে পাকুন্দিয়া ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খান ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থী ও জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়।