সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তি (৩০) এবং নওগাঁর পোরশায় শামীম হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার দুর্ঘটনা দুটি ঘটেছে।
বেলকুচি থানার পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে সিরাজগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। অপর দিকে বেলকুচি থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা সিরাজগঞ্জে আসার পথে সড়কের সুবর্ণসাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত ও অপর দুজন আহত হন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
এদিকে পোরশা উপজেলার নিতপুর বাজারের কাপড় ব্যবসায়ী শামীম হোসেন ও একই এলাকার টিটো হোসেন (৩৯) গত বৃহস্পতিবার সকালে নওগাঁ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিতপুরে ফিরছিলেন। পথে পত্নীতলার শিবপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে খালে পড়ে যায়। এ সময় তাঁরা দুজন গুরুতর আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই শামীম মারা যান।