সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ২
ফরিদপুরের মধুখালী উপজেলার দীঘলিয়ায় এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের মিয়াবাড়ী এলাকায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, বুধবার সকাল আটটার দিকে উপজেলার দীঘলিয়ায় একটি ক্যাভার্ড ভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী সার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন (৩৩) ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি মাগুরা সদর থানার শিরিজদিয়া গ্রামে। তাঁর বাবার নাম সলিমুদ্দিন আহম্মেদ। এদিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের মিয়াবাড়ী এলাকায় বুধবার বিকেলে চালবোঝাই ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম বেল্লাল হোসেন হাওলাদার। তাঁর বাড়ি উপজেলার মাটিভাঙ্গা এলাকায়। চালবোঝাই ট্রাকটি ভান্ডারিয়া থেকে কাঁঠালিয়ার দিকে, আর নছিমনটি যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে আসছিল।