সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার অবৈধ যানের (স্থানীয়ভাবে ‘লাটা হাম্বা’ নামে পরিচিত) চাপায় মুকুল হোসেন (২৮) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।একই দিন বরিশালের রহমতপুরের সাতমাইল এলাকায় মালেকা বেগম (৬০) নামের এক নারীকে চাপা দিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে ওই নারী নিহত ও বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) খালিদ হাসান জানান, সকাল ১০টার দিকে গাড়াবাড়িয়া গ্রামের নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি লাটা হাম্বা মুকুল হোসেনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।বরিশাল বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) জসিমউদ্দিন জানান, সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরের সাতমাইল এলাকায় মালেকা বেগম রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সোনার তরী পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মালেকা বেগম মারা যান। পাশাপাশি বাসের ১০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী আধা ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।