সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৩
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাগেরহাট-ঢাকা মহাসড়কে গত রোববার রাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাভ্যান আরোহী দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন।
এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে গত রোববার সন্ধ্যায় মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন আবদুল রহমান (৭৫) নামের এক বৃদ্ধ। তাঁর বাড়ি একই উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামে।
বাগেরহাটে নিহত ব্যক্তিরা হলেন জেলার ফকিরহাট উপজেলার মানসা গ্রামের দিলীপ পাল (৪৫) ও খুলনার রুপসার তালতলা গ্রামের মৃত নিশিকান্ত পালের ছেলে লক্ষ্মণ পাল (৫০)।
রোববার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের তেলিরপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাগেরহাট মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি তেলিরপুকুর এলাকায় যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ভ্যানের যাত্রী পান ব্যবসায়ী দিলীপ পাল ঘটনাস্থলে ও অন্য যাত্রী লক্ষ্মণ পাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অন্য দুই যাত্রী আহত হন।
পুলিশ জানায়, রোববার মাগরিবের নামাজ আদায় করার জন্য খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামের আবদুল রহমান মসজিদের উদ্দেশে রওনা হন। রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ফরিদপুরগামী একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। মসজিদের মুসল্লিরা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রাত আটটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।