সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৩
গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কংশুরে গতকাল শনিবার একটি ট্রাক উল্টে মো. নূর ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ট্রাকটির চালকসহ আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।একই দিন ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ঝিনাইদহের আরাপপুর এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, লক্ষ্মীপুর থেকে কয়েকজন ব্যবসায়ী ট্রাকে করে গলদা রেণু পোনা নিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা বাজারে যাচ্ছিলেন। শনিবার সকাল ছয়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ব্যবসায়ী নূর ইসলাম মারা যান। আহত হন ট্রাকের চালকসহ অপর ১২ জন ব্যবসায়ী।ঝিনাইদহ সদর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে মঞ্জুরুল ইসলাম (২৬) ও সোহেল রানা (২৮) নামের দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে শৈলকুপা উপজেলার ভাটইবাজার যাচ্ছিলেন। আরাপপুরে চানপাড়া-বাগমারা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।