সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৫
ময়মনসিংহের ভালুকায় গতকাল শুক্রবার বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন কুমিল্লার মুরাদনগরে বাস খাদে পড়ে তিন যাত্রী প্রাণ হারিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাতটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার একটি মাজার থেকে ভক্তরা পিকআপ ভ্যানে করে ফিরছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. হান্নান (৫০) ও মো. জমিরউদ্দিন (৩৫) প্রাণ হারান। সংঘর্ষে পিকআপ ভ্যানের কমপক্ষে আটজন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রীপুরের মাওনায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে মুরাদনগর উপজেলার সোনাকান্দা দরবার শরিফের দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষে ভক্তরা বাসে করে বাড়ি ফিরছিলেন। সকাল সাতটার দিকে মুরাদনগর-সোনাকান্দা সড়কের সোনাকান্দা গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী এবং মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যাত্রী মারা যান। নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুর উপজেলার টকীপুর গ্রামের আলাউদ্দিন (৭০), আবদুল মোতালেব (৭২) ও শাহ আলম (৩৫)। এ দুর্ঘটনায় বাসের আরও ৩০ যাত্রী আহত হয়েছেন।