সড়ক দুর্ঘটনায় দুই জেলায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈরে গতকাল রোববার ট্রাক ও যাত্রীবাহী মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই দিন পটুয়াখালীর বাউফল ও দুমকি উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কালকিনি (মাদারীপুর): রাজৈর উপজেলার কালীবাড়ি মোড়ে গতকাল সন্ধ্যা সাতটার দিকে বৈদ্যুতিক খুঁটিবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং চারজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন রাজৈরের মোল্লাকান্দি গ্রামের আক্তার হোসেন (২৮), পশ্চিম রাজৈর গ্রামের নাজমুল শেখ (৩০) ও জালাল শেখ (২৫)।
টেকেরহাট থেকে মাদারীপুরগামী একটি মহেন্দ্রর সঙ্গে কালীবাড়ি মোড়ে ওই ট্রাকের সংঘর্ষ হয়।
বাউফল (পটুয়াখালী): বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় গতকাল সকাল আটটার দিকে সড়ক পার হচ্ছিলেন আবদুল গাজী (৭৯)। এ সময় একটি টমটম তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার ভরিপাশা গ্রামে।
পটুয়াখালী: দুই ভাই স্বপন ও রাকিব গতকাল মোটরসাইকেলে করে দুমকি থেকে বাউফলের দিকে যাচ্ছিলেন। বেলা তিনটার দিকে তালতলী বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই ভাই ছিটকে পড়েন। মাথায় আঘাত পেয়ে বড় ভাই স্বপন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। স্বপনের বাড়ি বাউফলের কাছিপাড়া ইউনিয়নের আমরখালী গ্রামে। তাঁর বাবার নাম মতিয়ার রহমান।